সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাব চাওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফজল মিয়া ওই গ্রামের সুনু মিয়ার ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, পুরান নোয়াকোট গ্রামের জামে মসজিদের টাকা দীর্ঘদিন ধরে মাসুক মিয়ার কাছে রাখা হচ্ছিল। গ্রামের লোকজন বারবার টাকার হিসাব চাইলেও তিনি তা দেখাননি। এ নিয়ে তার সঙ্গে গ্রামের অন্য পক্ষের বিরোধ চলছিল। শনিবার দুপুরে হিসাব চাওয়ার বিষয়টি আবার উঠে আসে, এরপর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যে উভয়পক্ষ গ্রামের সামনের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়না মিয়া জানান, সংঘর্ষে ফজল মিয়ার মৃত্যু ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে, নিহত ফজল মিয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।