• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাত বছরের শিশুর ওপর নির্মম হামলা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৫:০৫ অপরাহ্ণ
সাত বছরের শিশুর ওপর নির্মম হামলা
সংবাদটি শেয়ার করুন...

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টার দিকে ইকোপার্কের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে সড়কের ব্লক নির্মাণকাজ চলছিল। এ সময় একটি স্কেভেটরচালক দেখতে পান, রক্তাক্ত অবস্থায় এক শিশু জঙ্গল থেকে টলতে টলতে রাস্তার দিকে এগিয়ে আসছে। তার গলার শ্বাসনালি কাটা ছিল এবং পরনের পোশাক রক্তে ভেজা। সঙ্গে সঙ্গে শ্রমিকরা কাপড় দিয়ে গলার ক্ষত চেপে ধরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত শিশুটির বয়স সাত বছর; সে কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন জানান, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং শ্বাসনালি কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে ধর্ষণের আশঙ্কা করা হচ্ছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।