রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন না পাওয়ায় অভিমান করা এক বাকপ্রতিবন্ধী কিশোর হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়দের দ্রুত সতর্কতা এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে। কিশোর সুমন (১৪) স্থানীয় মাহাতাব হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে দূরে একটি খুঁটিতে বসে থাকা কিশোরকে দেখেন। খুঁটির ওপর বসে থাকা সুমন হাই ভোল্টেজ লাইনের সংস্পর্শে ছিল। বিষয়টি বুঝে তারা সঙ্গে সঙ্গে স্থানীয় বিদ্যুৎ অফিসে খবর দেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সহায়ক হয়।
পরবর্তীতে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় কিশোরকে নিরাপদে নিচে নামানো হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, সুমন মোবাইল ফোন কেনার জন্য পরিবারের কাছে দাবী জানিয়েছিল; তা পূরণ না হওয়ায় অভিমান করে এমন ঝুঁকিপূর্ণ কাজ করেছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং পরিবারের নজরদারিতে রাখা হয়েছে।