• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি সচেতন হলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৫:৫৭ অপরাহ্ণ
ইসি সচেতন হলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী
দখিনের সময় ডেস্ক:
নির্বাচন কমিশন (ইসি) সঠিকভাবে দায়িত্ব পালন করলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৭ জানুয়ারি) রাজশাহীর ভুবন মোহন পার্কে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, “নির্বাচনের জন্য এত সময় কেন লাগবে? যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ ও কার্যকরভাবে কাজ করে, তবে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। সংবিধানে তো পরিবর্তনের সুযোগ আছে, তাহলে গণপরিষদের প্রসঙ্গ কেন আসছে? এসব কথা শুধু জনগণের মনে বিভ্রান্তি তৈরি করছে।”
রিজভী আরও অভিযোগ করেন, ভারত বাংলাদেশের রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ করছে। তিনি বলেন, “ভারত এখন শেখ হাসিনার ঘনিষ্ঠদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কিন্তু বাংলাদেশের বিষয়ে তৃতীয় দেশের সঙ্গে আলোচনা করার অধিকার ভারতকে কে দিয়েছে?” তার মতে, দেশের সার্বভৌমত্বের প্রতি এ ধরনের আচরণ জনগণের স্বাধীনচেতনায় আঘাত হানছে।
সরকারের কঠোর নীতির সমালোচনা করে রিজভী বলেন, “শেখ হাসিনা যেন হিটলারের পথ অনুসরণ করছেন। তিনি তার ব্যক্তিগত আক্রোশ আদালতের মাধ্যমে প্রকাশ করছেন। তার মূল লক্ষ্য বিএনপিকে ধ্বংস করা। কিন্তু আমরা জানি, জনগণ কখনোই তাদের গণতান্ত্রিক অধিকার বিসর্জন দেবে না। জনগণের ঐক্যই শেষ পর্যন্ত এই দুঃশাসনের অবসান ঘটাবে।”