• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৯ বছরের মামলায় খালাস

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ১৫:২৬ অপরাহ্ণ
তারেক রহমানের ৯ বছরের মামলায় খালাস
দখিনের সময় ডেস্ক:
যশোরের জেলা ও দায়রা জজ আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ২২ জানুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন তারেক রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ঘৃণা, বিদ্বেষ ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করেন। অভিযোগে বলা হয়, তারেকের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। আদালতের নির্দেশে যশোর কোতোয়ালী থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২১ এপ্রিল তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দীর্ঘ ৯ বছর ধরে চলা মামলায় আদালত প্রমাণের অভাবে তারেক রহমানকে খালাস দেন। তিনি আরও বলেন, মামলার দীর্ঘসূত্রিতার পর অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলা করা হয়েছিল, যা শেষ পর্যন্ত টেকেনি।
রায় ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং খালাসের রায়কে দলের জন্য বিজয় হিসেবে দেখছেন। অন্যদিকে, মামলাকারী পক্ষ এখন উচ্চ আদালতে আপিল করার বিষয়ে ভাবছেন। দীর্ঘ সময় ধরে চলা মামলাটির অবসান হওয়ায় যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।