• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা পরিবারের ১২৪ টি অ্যাকাউন্ট জব্দ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১৪:১৪ অপরাহ্ণ
হাসিনা পরিবারের ১২৪ টি অ্যাকাউন্ট জব্দ
দখিনের সময় ডেস্ক:
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১১ মার্চ) দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এসব অ্যাকাউন্টে জমা থাকা টাকার পরিমাণ ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা। পাশাপাশি ১ কোটি ৮০ লাখ টাকা দলিলমূল্যে রাজউকের ৬০ কাঠার প্লট ও ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাটও অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (১০ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার’ বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় এই তথ্য প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, শেখ হাসিনা ও তার পরিবারের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে বিপুল পরিমাণ সম্পদের সন্ধান মিলেছে। এমনকি মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান ‘স্লাশ ফান্ড’-এর অস্তিত্বও পাওয়া গেছে।
হাসিনা পরিবার ও তাদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা ছয়টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে। পাশাপাশি পরিবারের সাত সদস্যের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মধ্যে এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের মামলাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।