• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ ইস্যুতে হাইকোর্টের রুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১৪:৩১ অপরাহ্ণ
শপথ ইস্যুতে হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
রাষ্ট্রপতিকে স্পিকারের মাধ্যমে শপথ পাঠ করানো কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি শেখ নাজমুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার (১০ মার্চ) কবি শহীদুল্লাহ ফরায়জীর দায়ের করা রিটের শুনানি শেষে রুল জারি করা হয়। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের সচিব এবং স্পিকারকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়ানোর বিধান ছিল, যা পরবর্তীতে সংশোধনী এনে স্পিকারের হাতে তুলে দেওয়া হয়। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় স্পিকারকে শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়, যা রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী আরও বলেন, এই পরিবর্তন সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী এবং বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত হানে।
আইনজীবী ইউনুস আলী আকন্দের ভাষ্যমতে, ১৯৭২ থেকে ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্রপতিকে সবসময় প্রধান বিচারপতি শপথ পাঠ করিয়েছেন, শুধুমাত্র রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্যতিক্রম ছিলেন। তিনি আরও বলেন, ভারতের সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি বা সিনিয়রতম বিচারপতি শপথ পড়ানোর বিধান রয়েছে, যা বিচার বিভাগের ভারসাম্য নিশ্চিত করে। হাইকোর্টের এই রুলের মাধ্যমে রাষ্ট্রপতির শপথ ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যাখ্যার দরজা খুলে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।