• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ১৫:১০ অপরাহ্ণ
মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
দখিনের সময় ডেস্ক:
মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটির মৃত্যুর খবর প্রকাশের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শোকবার্তা জানানো হয়। ড. ইউনূস শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, শিশুটি দীর্ঘ চিকিৎসার পর দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চিকিৎসকরা জানান, শিশুটির হৃদযন্ত্র তিনবার বন্ধ হয়ে যায়, যার মধ্যে দু’বার সচল করা গেলেও শেষবার আর সম্ভব হয়নি। সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাও শিশুটিকে ফেরাতে পারেনি বলে জানানো হয়। সেনাবাহিনী পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং শিশুটির বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
গত ৬ মার্চ মাগুরায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ৮ মার্চ সিএমএইচে ভর্তি করা হলে আট সদস্যের বিশেষজ্ঞ বোর্ড গঠন করা হয়। ইতোমধ্যে তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই নির্মম ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও মানবাধিকার সংগঠনগুলো।