• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ১৫:২৭ অপরাহ্ণ
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
দখিনের সময় ডেস্ক:
চলতি মাসের ২৬ তারিখ চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। সফরকালে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
প্রেস সচিব জানান, এই সফরে বাংলাদেশের এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়া, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হলে দেশের আন্তর্জাতিক মর্যাদা ও বাণিজ্যিক সক্ষমতা বাড়বে। এ ছাড়া চীনের সঙ্গে নতুন বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর নিয়েও আলোচনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ দ্রুত পূরণের পরিকল্পনা নেয়া হয়েছে। অন্যদিকে, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রধান উপদেষ্টা অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জাতিসংঘের মহাসচিবের আসন্ন সফরকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সভা-সমাবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তও নেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৫ থেকে ২৮ মার্চ চীনের হাইনান প্রদেশে “বাও ফোরাম ফর এশিয়া” সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন থেকে আমন্ত্রণ পাওয়ার পর এই সফরের চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। এর আগে জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীন সফর করেছিলেন, যার ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন।