• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি, ফিরেছেন মাত্র ৪৪ লাখ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি, ফিরেছেন মাত্র ৪৪ লাখ
দখিনের সময় ডেস্ক:
ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা যেন হঠাৎ করে হয়ে পড়েছিল প্রায় জনমানবহীন। বিটিআরসির তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মাত্র সাত দিনে রাজধানী ছেড়েছেন প্রায় ১ কোটি ৭ লাখ সিমধারী। বিপরীতে একই সময়ে ফিরেছেন মাত্র ৪৪ লাখ ৪০ হাজার সিমধারী, যা পুরো সংখ্যার তুলনায় বেশ কম।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণ করে জানায়, ঈদের ছুটির সেই সপ্তাহে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন, আর রাজধানী ছেড়েছেন ১ কোটি ৭২ লাখ ৯ হাজার ১৫৫ জন সিমধারী। তবে এখানে সিমধারী বলতে শুধুই মোবাইল ফোন ব্যবহারকারীদের বোঝানো হয়েছে। অর্থাৎ, তাদের সঙ্গে থাকা প্রবীণ, নারী বা শিশুদের সংখ্যা এতে ধরা হয়নি—যারা অনেকেই ফোন ব্যবহার করেন না।
ফলে বাস্তবে ঢাকা ছাড়ার মানুষের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিসংখ্যানে দেখা যায়, ঈদের সময় ঘরমুখো মানুষের ঢল কতটা প্রবল হয়, আর রাজধানী কতটা ফাঁকা হয়ে পড়ে। তবে ঈদের পরও এখনো অনেকেই ঢাকায় ফেরেননি, যা রাজধানীর ট্রাফিক ও জনজীবনে স্বস্তির আভাস দিচ্ছে।