• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির ভেতর বাসের ধাক্কায় ইয়াসিনের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২৫, ১৭:১৯ অপরাহ্ণ
বৃষ্টির ভেতর বাসের ধাক্কায় ইয়াসিনের মৃত্যু
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃষ্টিভেজা সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. ইয়াসিন নামে এক মোটরসাইকেল আরোহীর। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন হসপিটাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন স্থানীয় বাসিন্দা এবং ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ঠিক সেই সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস হরিণখাইন হসপিটাল এলাকার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কাটি এতই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী ইয়াসিনের।
নিহত ইয়াসিন কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃষ্টির কারণে রাস্তা ছিল ভিজে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।