• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট বোর্ডে যেন নাম নয়, কাজ দেখে যায়: তামিম

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২৫, ১৭:২৪ অপরাহ্ণ
ক্রিকেট বোর্ডে যেন নাম নয়, কাজ দেখে যায়: তামিম
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ক্রিকেট উন্নয়নে যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, আমিনুল হকসহ ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়েরা। নতুন সংগঠনটি মাঠ পর্যায়ে কাজের ঘোষণা দেয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে তরুণদের সচেতন করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তামিম ইকবাল বলেন, ক্রিকেট বোর্ডে এমন কাউন্সিলরদেরই দায়িত্ব দেওয়া উচিত যারা সত্যিকার অর্থেই ক্রিকেট বুঝেন এবং তাদের নিজ নিজ জেলা ও বিভাগের ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমি ছোট করে বলব, কাউন্সিলর হোক সেই ব্যক্তি, যার বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যার স্বপ্ন আছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার। নাম নয়, দরকার যোগ্যতা।”
তামিম অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অনেকেই নির্বাচিত হওয়ার পর বোর্ডে গিয়েই নিজেদের জেলার উন্নয়ন ভুলে যান। তিনি কটাক্ষ করে বলেন, “বরিশালের মতো জায়গায় গিয়েছি, যেখানে মানসম্পন্ন লিগই হয় না। এটা যদি দেশের সবচেয়ে বড় খেলায় হয়, তবে যিনি নিজের এলাকাকে উন্নত করতে পারেন না, তার বোর্ডে আসার কোনো মানে নেই।” তামিমের বক্তব্যে পরিষ্কার—বাংলাদেশ ক্রিকেটে যাঁরা নেতৃত্ব দিতে চান, তাঁদের আগে মাঠে কিছু করে দেখাতে হবে।