• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট কেলেঙ্কারি: হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে

দখিনের সময়
প্রকাশিত মে ৪, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
প্লট কেলেঙ্কারি: হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ মে দিন ধার্য করেছেন আদালত। রোববার (৪ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে প্রতিবেদন জমা দেয়ার দিন থাকলেও পুলিশ তা দাখিল না করায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়। উল্লেখ্য, ১০ এপ্রিল একই আদালত অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
শেখ হাসিনা ও পুতুল ছাড়াও এই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। অভিযোগে বলা হয়, ধানমন্ডিতে বসতবাড়ি থাকলেও তা গোপন রেখে আইন ও নীতিমালা ভঙ্গ করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন তারা। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত ১০ মার্চ চার্জশিট দাখিল করেন, যেখানে সাক্ষী রাখা হয় ১৬ জনকে।
এজাহারে উল্লেখ করা হয়, সরকারের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা ও তার মেয়ে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের কর্মকর্তাদের প্রভাবিত করেন এবং যোগসাজশে বরাদ্দযোগ্য না হয়েও পুতুলের নামে ২৭ নম্বর সেক্টরের একটি প্লট বরাদ্দ দেন। এ প্লট পরবর্তীতে পুতুল নিজ নামে রেজিস্ট্রিও নেন। এই ঘটনার মাধ্যমে তারা দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।