• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেকদের শতকোটি টাকার খেলায় নেমেছে দুদক

দখিনের সময়
প্রকাশিত মে ৪, ২০২৫, ১৭:৪০ অপরাহ্ণ
সাবেকদের শতকোটি টাকার খেলায় নেমেছে দুদক
দখিনের সময় ডেস্ক:
সাবেক দুই উপদেষ্টার এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তাসহ এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। একই সঙ্গে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে সংস্থাটি।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ থাকলেও, বিষয়টি নতুন মাত্রা পায় যখন বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদকের সামনে বিক্ষোভ করে কার্যকর পদক্ষেপের দাবি জানায়। এরপরই গোপন তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে খোঁজ নেয় দুদকের গোয়েন্দারা। এখন বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানে রূপ পেয়েছে। রোববার (৪ মে) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগগুলো যাচাই করতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
এছাড়া এদিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলারও অগ্রগতি দেখা যায়। প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ অনুযায়ী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণ করে তারা ব্যক্তিগতভাবে লাভবান হন। পাশাপাশি ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইবুনালের সাবেক সদস্য রঞ্জিৎ কুমার তালকুদার ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে। অন্যদিকে, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।