• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি ডাটাবেজে রোহিঙ্গা-বিদেশিদের ঠাঁই নেই: নির্বাচন কমিশন

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
এনআইডি ডাটাবেজে রোহিঙ্গা-বিদেশিদের ঠাঁই নেই: নির্বাচন কমিশন
দখিনের সময় ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় রোহিঙ্গা ও বিদেশিদের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট অবস্থান নিয়েছে। নির্বাচন ভবনে সোমবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, রোহিঙ্গা ও বিদেশিদের জাতীয় পরিচয়পত্র ডাটাবেজে অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই। তিনি বলেন, রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও ব্যবস্থা রয়েছে, তবে কোন মন্ত্রণালয়ে সেই তথ্য সংরক্ষিত থাকবে, তা এখনো নির্ধারণ হয়নি। যদি সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়, ইসি সেই অনুযায়ী কাজ করবে।
এনআইডি সংশোধন প্রক্রিয়া নিয়েও দপ্তরটি একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। হুমায়ুন কবীর জানান, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আরও ক্ষমতা দিয়ে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত করা হচ্ছে। বর্তমানে প্রায় ৫০০টির বেশি ডাবল এনআইডি শনাক্ত হয়েছে, যার প্রতিটি যাচাই করা চ্যালেঞ্জিং হলেও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই এনআইডি সংশোধনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি এনআইডি সেবা সহজীকরণে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি নিয়েও ইসি তৎপর। তিনি জানান, বর্তমানে আটটি দেশে ভোটার তালিকাভুক্তির কার্যক্রম চলছে এবং আগামী সপ্তাহে কানাডায় নতুনভাবে তা শুরু হবে। ভবিষ্যতে অন্তত ৪০টি দেশে এই কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। তবে বেশ কিছু দূতাবাসে স্থান সংকট ও আমেরিকায় এখনও অনুমোদন না পাওয়া বড় বাধা হিসেবে রয়েছে। এ সমস্যা সমাধানে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে অগ্রগতি আনা হবে বলেও জানান এনআইডি মহাপরিচালক।