• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ‘ঈদের আমেজ’ চায় ইসি: সিইসি

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২৫, ১৮:১০ অপরাহ্ণ
নির্বাচনে ‘ঈদের আমেজ’ চায় ইসি: সিইসি
দখিনের সময় ডেস্ক:
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের শপথ নিয়েছি, এই প্রতিষ্ঠান নিরপেক্ষ ছিল, আছে এবং থাকবে—এটা আমরা জাতিকে আশ্বস্ত করতে পারি।” কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইসির কর্মকর্তারাও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচনের দিকে এগোচ্ছি, যেখানে ভোটের দিনটি যেন উৎসবের মতো হয়। মানুষ যেন নিরাপদে, নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—সেটাই আমাদের লক্ষ্য। আর দিনের ভোট রাতে হওয়ার যে গুঞ্জন বা অতীত অভিজ্ঞতা আছে, এবার তেমন কোনো সুযোগই থাকবে না।” প্রধান উপদেষ্টাও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন বলেও জানান সিইসি।
সভায় আরও জানানো হয়, ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না এবং সব সিদ্ধান্ত কমিশনের সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই গৃহীত হয়, এককভাবে কিছু করা হয় না। ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর বিষয়ে সিইসি বলেন, “এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, নির্বাচন কমিশনের নয়।” সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক। এতে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।