• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলা, মামলা-আটক

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২৫, ১৮:৩৭ অপরাহ্ণ
গাজীপুরে এনসিপি নেতা হাসনাতের ওপর হামলা, মামলা-আটক
দখিনের সময় ডেস্ক:
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাসন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ মে) জেলা ও মহানগর এনসিপির প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে এ মামলা করেন। এর আগে রোববার (৪ মে) সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। গাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং হাসনাতের হাত রক্তাক্ত হয়।
এ ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, গাড়িতে হামলার সময় হাসনাত একা ছিলেন এবং তিনি আহত হয়েছেন। ফেসবুকে পোস্ট দিয়ে দলের কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলেন সারজিস। এতে গাজীপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫৪ জনকে আটক করে। এর আগে প্রাথমিকভাবে চারজনকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে পরিচয় পাওয়া দু’জন হলেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কাশিমপুর থানা শাখার সভাপতি মাসুম আহমেদ দিপু। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম। এ ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ হয়েছে। এনসিপি দাবি করেছে, এই হামলার মাধ্যমে দলকে ভয় দেখানো হচ্ছে, তবে নেতাকর্মীরা রাজপথ ছাড়বেন না।