দখিনের সময় ডেস্ক:
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে। রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৬ মে) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত এ সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আদালত আরও নির্দেশনা দেয় যে, গত ৩০ এপ্রিল বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলী একসঙ্গে একটি বেঞ্চ গঠন করে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিলেন। তবে পরদিন রাষ্ট্রপক্ষ জামিন আদেশ স্থগিত করতে চেয়ে চেম্বার আদালতে আবেদন জানালে আদালত তা মেনে নেয়। মামলার পরবর্তী শুনানি ও নতুন তারিখও ধার্য করা হয়েছে।
গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের বড় সমাবেশে অংশ নেন চিন্ময় কৃষ্ণ দাস। ওই সমাবেশের পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মোট ১৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তার নেতৃত্বে রংপুরে আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যা পরবর্তীতে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।