• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটিএর ৩৫ অফিসে দুদকের একযোগে অভিযান

দখিনের সময়
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৭:৩০ অপরাহ্ণ
বিআরটিএর ৩৫ অফিসে দুদকের একযোগে অভিযান
দখিনের সময় ডেস্ক:
সড়ক পরিবহন সংক্রান্ত সেবা নিয়ে জনঅসন্তোষ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দেশের ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) সকাল থেকেই দুদকের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলা দপ্তরের এনফোর্সমেন্ট টিমগুলো এই অভিযান শুরু করে। মূলত সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ গ্রহণ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে এসব পদক্ষেপ নেওয়া হয়।
দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ গণমাধ্যমকে জানান, অভিযানের মূল লক্ষ্য হলো অভিযোগের বাস্তবতা যাচাই ও প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। তিনি বলেন, “জনসাধারণ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য আমরা সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছি। অভিযোগের সত্যতা পেলেই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চালানো অফিসগুলোর মধ্যে রয়েছে ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বরিশাল, যশোর, খুলনা, কুমিল্লা, রাজবাড়ী, পাবনা, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, নোয়াখালীসহ আরও অনেক গুরুত্বপূর্ণ জেলা শহরের বিআরটিএ কার্যালয়। অভিযানকালে দুদক কর্মকর্তারা অফিসের সেবাপদ্ধতি, ঘুষ-গ্রহণের অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করেন এবং তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করেন।