• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রো স্টেশনে ব্যবসার নতুন ঠিকানা!

দখিনের সময়
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৮:২৭ অপরাহ্ণ
মেট্রো স্টেশনে ব্যবসার নতুন ঠিকানা!
দখিনের সময় ডেস্ক:
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবার ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোকে যাত্রীসেবার পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারেও কাজে লাগাতে চায়। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বিশাল ফাঁকা ফ্লোর ভাড়া দিতে ইজারা আহ্বান করেছে সংস্থাটি। এমআরটি লাইন-৬-এর এই দুটি তিনতলা স্টেশনের দ্বিতীয় তলায় রয়েছে প্রায় ২৫ হাজার বর্গফুট খালি জায়গা, যা শপিং মল, ব্যাংক, অফিস কিংবা ডেইলি শপের মতো বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে।
ডিএমটিসিএলের দেওয়া তথ্য অনুযায়ী, উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে ইজারা দেওয়া হবে এবং ভাড়ার প্রস্তাব বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কের ভাড়ার সমান বা তার চেয়েও বেশি হতে হবে। ইজারার মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য নয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় স্পেসগুলোর ইজারা চূড়ান্ত হওয়ার পরপরই লাইন-৬-এর অন্যান্য স্টেশনের ছোট ছোট ১৫০ বর্গফুট আয়তনের কক্ষগুলোকেও ব্যবসার জন্য ভাড়া দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনের প্রতিটিতে প্রায় ২৫ হাজার বর্গফুট জায়গা রয়েছে, যা বড় পরিসরের বাণিজ্যিক প্রকল্পের জন্য আদর্শ। অন্য স্টেশনগুলোতে ছোট ছোট কক্ষ থাকলেও সেগুলোও ভিন্ন ধরনের ব্যবসার জন্য যথেষ্ট উপযোগী। তাঁর মতে, মেট্রো স্টেশনের মতো লোকসমাগমপূর্ণ জায়গায় ব্যবসা চালানো হলে তা উদ্যোক্তাদের জন্য দারুণ একটি সুযোগ হয়ে উঠবে।