• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র রাজনীতি ছাড়া বদল অসম্ভব: মাহফুজ আলমের বার্তা

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৭:৫৮ অপরাহ্ণ
ছাত্র রাজনীতি ছাড়া বদল অসম্ভব: মাহফুজ আলমের বার্তা
দখিনের সময় ডেস্ক:
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ক্ষমতার ভারসাম্যহীন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তার মতে, কাজের দায় বর্তায় সরকারের ওপর, কিন্তু মূল নিয়ন্ত্রণ রয়ে গেছে ক্ষমতার অন্যান্য ‘ভরকেন্দ্র’-এর হাতে। ফেসবুক পোস্টে ‘কৈফিয়ত কিংবা বাস্তবতা’ শিরোনামে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো মাঠে নেই, তবুও প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থায় তাদের নিয়ন্ত্রণ অটুট। এস্টাবলিশমেন্ট আবারও দ্বিদলীয় ব্যবস্থায় ফিরতে চায় এবং ছাত্রদের প্রান্তে ঠেলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি লেখেন, ছাত্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়া মাত্র দুজন কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। তাদের প্রভাব কমিয়ে রাখা হয়েছে রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকেই। আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররাও এখন বিভক্ত এবং ব্যক্তিগত স্বার্থে জর্জরিত। দীর্ঘমেয়াদি ও টেকসই পরিবর্তনের জন্য নাগরিক প্ল্যাটফর্ম গড়ে তোলার বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন তিনি। মিডিয়া, বিচার বিভাগ, আমলাতন্ত্র এবং অর্থনীতিতে এখনও পুরনো রাজনৈতিক বলয়ের আধিপত্য অক্ষুণ্ণ থাকায় মৌলিক রূপান্তর সম্ভব হয়নি।
মাহফুজ আলমের ভাষায়, অভ্যুত্থানের শক্তি ছড়িয়ে পড়তে পারেনি শহর ছাড়িয়ে গ্রামে, কারণ ছাত্র সমাজ বিভ্রান্ত ও দিশাহীন। সবচেয়ে উৎসর্গিত কর্মীরাও এখন ক্রেডিট ও কোরামের দ্বন্দ্বে দিশেহারা। ফলে নতুন রাজনৈতিক সামাজিক বিন্যাস গড়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাঁর মতে, সত্যিকারের রূপান্তর আনতে হলে ছাত্রদের নেতৃত্বে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদী শক্তিগুলোর বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে। আর সেই পথের শুরু হতে হবে ছাত্র রাজনীতিতে আদর্শ, ঐক্য ও নিষ্ঠা ফিরিয়ে আনার মধ্য দিয়ে।