• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে দেশ ছাড়লেন আবদুল হামিদ

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৮:২৪ অপরাহ্ণ
রাতের আঁধারে দেশ ছাড়লেন আবদুল হামিদ

The Prime Minister, Shri Narendra Modi meeting the President of People’s Republic of Bangladesh, Mr. Md. Abdul Hamid, at Hyderabad House, in New Delhi on May 31, 2019.

দখিনের সময় ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গোপনে দেশ ছেড়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে সবুজ সংকেত পাওয়ার পর দেশ ছাড়েন।
আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে আবদুল হামিদের এই দেশত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে অনেকেই। বিশেষ করে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় তার নাম উল্লেখ থাকায় বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, গুলিবর্ষণ ও সন্ত্রাসী তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনের বিরুদ্ধে; অজ্ঞাত আরও ২৫০ জনকেও আসামি করা হয়।
রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের রাজনৈতিক জীবন দীর্ঘ এবং প্রভাবশালী। তিনি ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রথম মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি হন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ডেপুটি স্পিকার এবং ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।