• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে এলোপাথাড়ি গ্রেফতার, ধরা পড়ল আওয়ামী-ছাত্রলীগ নেতা

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৮:৩৬ অপরাহ্ণ
রাজধানীতে এলোপাথাড়ি গ্রেফতার, ধরা পড়ল আওয়ামী-ছাত্রলীগ নেতা
দখিনের সময় ডেস্ক:
রাজধানীতে পৃথক দুটি অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বুধবার (৭ মে) রাতে লালবাগ ও যাত্রাবাড়ী এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন—২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. আমির (৬৪) এবং যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের ৪৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ওরফে রনি (৩৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাত ১০টায় লালবাগ থেকে মো. আমিরকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টায় যাত্রাবাড়ী থেকে ফয়সাল আহমেদ রনিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল। গ্রেফতারের সময় দুজনই আলাদা জায়গায় অবস্থান করছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে সক্রিয়ভাবে কাজ করছিলেন বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই নেতার বিরুদ্ধেই একাধিক সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল, বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে ভীতি ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে দাবি ডিএমপির। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিসি তালেবুর রহমান।