• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেই জরুরি বৈঠকে সিদ্ধান্তের মুখোমুখি উপদেষ্টা পরিষদ

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৭:১৬ অপরাহ্ণ
রাতেই জরুরি বৈঠকে সিদ্ধান্তের মুখোমুখি উপদেষ্টা পরিষদ
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসছে আজ শনিবার রাত আটটায়। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করলেও বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে কিছু বলেননি। তবে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের প্রেক্ষাপটেই এই বৈঠক আয়োজন করা হয়েছে এবং এতে বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ নেওয়া হতে পারে।
এদিকে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে এনসিপি, ইসলামী আন্দোলন, ছাত্রশিবির, আপ বাংলাদেশসহ একাধিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি তীব্র রূপ ধারণ করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাস ও স্বৈরতন্ত্রের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনাও শুরু হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিবেদনের আলোকে আওয়ামী লীগের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সংগঠনগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনার কথাও জানানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়েও জনমনে অসন্তোষ রয়েছে, যার বিষয়ে ব্যবস্থা নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়। সব মিলিয়ে আজকের উপদেষ্টা বৈঠকে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।