• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারপোলের মাধ্যমে হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিতকরণে কার্যক্রম চলমান : স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৭:৪০ অপরাহ্ণ
ইন্টারপোলের মাধ্যমে হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিতকরণে কার্যক্রম চলমান : স্বরাষ্ট্র উপদেষ্টা
দখিনের সময় ডেস্ক:
ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, এ ধরনের আন্তর্জাতিক বিষয় দ্রুত হয় না, কারণ সবকিছু আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই করতে হয়। তাঁর ভাষায়, “চেষ্টা চলছে, তবে ওরা তো আমাদের অধীনে নয়। তারা প্রক্রিয়া ও আইনি কাঠামো অনুসরণ করেই সিদ্ধান্ত নেবে।”
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতেও উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, “এই ঘটনায় যারা দায়ী, তাদের কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট পেলেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসবি’র কোনো নিষেধাজ্ঞার কপি এসেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি জোর দিয়ে বলেন, “দোষী হলে কেউ পার পাবে না।”
চলমান আন্দোলন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “মানুষ যেন অকারণে ভোগান্তিতে না পড়ে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক দাবি থাকতেই পারে, কিন্তু আন্দোলন করতে হবে এমন জায়গায় যাতে জনদুর্ভোগ না হয়।” তিনি সাংবাদিকদের আহ্বান জানান, তারা যেন সবাইকে সচেতন করেন—আন্দোলন যেন রাস্তা বন্ধ না করে, বরং এমনভাবে হয় যাতে সংহতিপূর্ণ বার্তা যায়, কিন্তু শহরের জীবন থেমে না যায়।