• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যালককে খুন করে পালালেও ধরা পড়লেন ভগ্নিপতি

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৭:৫০ অপরাহ্ণ
শ্যালককে খুন করে পালালেও ধরা পড়লেন ভগ্নিপতি
দখিনের সময় ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীকে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে ভগ্নিপতির হাতে প্রাণ গেল ১৭ বছর বয়সী রাকিবের। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই জিসান। ঘটনার পর ফারুক মিয়া ও তার মা হুসনে আরাকে কুলিয়ারচর থেকে আটক করে পুলিশ।
জানা গেছে, বিকেলে প্রাইভেট পড়তে না যাওয়ায় ফারুক তার পাঁচ বছরের সন্তানকে বেধড়ক মারধর করছিলেন। এতে বাধা দিলে স্ত্রী নাভিলাকেও মারধর করেন তিনি। ক্ষোভে নাভিলা বাবার বাড়ি চলে গেলে রাগে ক্ষুব্ধ ফারুকের শ্যালক জিসান এসে প্রতিবাদ জানান। কথাকাটাকাটির একপর্যায়ে ফারুক দেশীয় অস্ত্র নিয়ে জিসানকে আঘাত করেন। তখন রাকিব সেখানে পৌঁছালে তাকেও শাবল দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই রাকিব গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত দু’জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জিসানকে ভর্তি করা হয়। কিন্তু রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে শনিবার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। ভৈরব থানার উপপরিদর্শক আবু তালেব জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।