• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ফাহিম হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২৫, ১৮:১৬ অপরাহ্ণ
সিলেটে ফাহিম হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
দখিনের সময় ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ফাহিম আহমদের হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) গোলাপগঞ্জ থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৯ মে) মধ্যরাতে তিন আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের গোলাপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন সিলেটের ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে সাঈদ আহমদ এবং মাহিদ আহমদ।
প্রাথমিকভাবে জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৩০ এপ্রিল রাতে সাঈদ আহমদ ফাহিম আহমদকে ছুরিকাঘাত করেন। ঘটনাটি ঘটেছিল গোলাপগঞ্জের পশ্চিম বারোকোট গ্রামে। মারাত্মকভাবে আহত ফাহিমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ফাহিমের বাবা, মাওলানা আব্দুল আলীম, বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আশা করছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে এবং সকল আসামি আইনের আওতায় আসবে।