• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের সঙ্গে জলবিদ্যুৎ ও সড়ক যোগাযোগে আগ্রহী বাংলাদেশ

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২৫, ১৭:০৩ অপরাহ্ণ
নেপালের সঙ্গে জলবিদ্যুৎ ও সড়ক যোগাযোগে আগ্রহী বাংলাদেশ
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের মধ্যে সমন্বিত কৌশল অত্যন্ত জরুরি। সোমবার (১২ মে) নেপালের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। আলোচনায় জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও আন্তঃসীমান্ত সড়ক যোগাযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, নেপাল থেকে আরও জলবিদ্যুৎ আমদানির সুযোগ থাকলে বাংলাদেশ তাতে আগ্রহী। উল্লেখ্য, গত অক্টোবরে তিন দেশের ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির সুযোগ পায়, যা ভারতীয় গ্রিড ব্যবহার করে সরবরাহ করা হয়। এই উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে উভয়পক্ষ বৃহৎ পরিসরে যৌথ কাজের আগ্রহ প্রকাশ করে।
তিনি আরও বলেন, নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন বাণিজ্য খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে এবং আঞ্চলিক পরিবহনব্যবস্থা আরও সহজ করবে। বৈঠকে উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান। ডেপুটি স্পিকার ইন্দিরা রানা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন।