• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইচ্ছাশক্তি থাকলেই স্বাস্থ্যসেবায় বিপ্লব সম্ভব: ইউনূস

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২৫, ১৮:০৩ অপরাহ্ণ
ইচ্ছাশক্তি থাকলেই স্বাস্থ্যসেবায় বিপ্লব সম্ভব: ইউনূস
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি সিভিল সার্জনরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে সীমিত সম্পদেও দেশের স্বাস্থ্যসেবার মান অন্তত ২৫ শতাংশ বাড়ানো সম্ভব। তিনি বলেন, শুধুমাত্র বিদ্যমান নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করলেই এই অগ্রগতি অর্জন করা সম্ভব। সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাস্থ্যখাতে জনবল ও যন্ত্রপাতির সংকট অবশ্যই একটি চ্যালেঞ্জ, তবে সেসব অজুহাতে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। যেটুকু আছে, তা দিয়েই সেবা চালিয়ে যেতে হবে এবং পাশাপাশি সমস্যার বাস্তব সমাধানের পথে এগিয়ে যেতে হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে সিভিল সার্জনদের সম্মেলন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন এবং প্রশ্ন তোলেন, এতদিন ধরে এই ধরনের গুরুত্বপূর্ণ সম্মেলন কেন আয়োজন করা হয়নি?
দুই দিনব্যাপী এই সম্মেলনে সিভিল সার্জনরা জেলার বাস্তব চিত্র তুলে ধরবেন এবং স্বাস্থ্য খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। উপদেষ্টা, সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দিকনির্দেশনা দেবেন, যা মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে স্বাস্থ্যনীতিকে আরও কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনটির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা কাঠামোতে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ ও দুর্বলতাগুলো চিহ্নিত করে একটি কার্যকর রূপান্তরের পথ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।