• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মমতাজ

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১৭:৩০ অপরাহ্ণ
হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে মমতাজ
দখিনের সময় ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। একই সময় আসামিপক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা জামিন আবেদন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগের রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ গোলচত্বরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশ নিয়েছিলেন শিক্ষার্থী মো. সাগর। আন্দোলনের একপর্যায়ে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সাগরের বুকের মাঝ বরাবর গুলিবিদ্ধ হয়ে সেটি শরীরের পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার চার মাস পর, ২৭ নভেম্বর, নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন, যাতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম এবং আরও ২৫০–৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় মমতাজ ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
সংগীতশিল্পী হিসেবে খ্যাতি পাওয়া মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যান সংরক্ষিত নারী আসনে। এরপর ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি ওই আসনে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থীর কাছে। এখন গুলির অভিযোগে গ্রেপ্তার হওয়ায় তার রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।