• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নিবন্ধন: রায়ের অপেক্ষায় ইসি

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১৭:৪২ অপরাহ্ণ
জামায়াত নিবন্ধন: রায়ের অপেক্ষায় ইসি

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
জামায়াতে ইসলামীর নিবন্ধন বৈধতা প্রশ্নে আপিল বিভাগের রায়ের জন্য অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের দেওয়া রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হলেও, ইসি এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে। মঙ্গলবার (১৩ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার তৃতীয় দিনের শুনানি শেষে ইসির পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, “আমরা হাইকোর্টে যেমন অবস্থান নিয়েছিলাম, এখানেও তেমনই। হাইকোর্টের হস্তক্ষেপে আমরা যাচাই-বাছাই সম্পন্ন করতে পারিনি। আপিল বিভাগের রায় অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।”
প্রতীক সংক্রান্ত প্রসঙ্গেও আলোচনায় আসে। আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, “২০১৬ সালের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়েছিল, দাঁড়িপাল্লা প্রতীকটি সুপ্রিম কোর্টের নিজস্ব প্রতীক হিসেবে ব্যবহৃত হবে, এবং এটি কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবে না। সেই অনুযায়ী নির্বাচন কমিশন তালিকা থেকে প্রতীকটি বাদ দিয়েছিল।” আপিল বিভাগ এ বিষয়ে মন্তব্য করে, যেহেতু এটি ফুলকোর্টের সিদ্ধান্ত, তাই তারা সেটিতে হাত দিতে পারবেন না।
অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির যুক্তি তুলে ধরেন, “যখন ইসির সামনে আমাদের নিবন্ধনের আবেদন বিচারাধীন ছিল, তখনই হাইকোর্ট সেটি বাতিল করে দেয়। এটি ছিল ‘প্রিম্যাচিউর’। আদালত এভাবে হস্তক্ষেপ করতে পারে না।” তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে এবং সংসদ নির্বাচনেও এই প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে দলটি। হঠাৎ করে ফুলকোর্টের একটি অভ্যন্তরীণ সিদ্ধান্তের মাধ্যমে সেই প্রতীক বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ প্রশ্নবিদ্ধ। এ নিয়ে বুধবার (১৪ মে) ফের শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে জামায়াতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা এ টি এম মাছুম উপস্থিত ছিলেন।