• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সফরে প্রধান উপদেষ্টা: বন্দর পরিদর্শন, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১৮:০০ অপরাহ্ণ
চট্টগ্রাম সফরে প্রধান উপদেষ্টা: বন্দর পরিদর্শন, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন। বুধবার (১৪ মে) একদিনের সফরে তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বহু প্রতীক্ষিত কালুরঘাট সেতুর, এবং শেষে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। দেশের অর্থনীতির লাইফলাইনখ্যাত চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও আধুনিকীকরণে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি নিয়ে মতবিনিময় করবেন তিনি। বন্দর ব্যবহারকারীরা বলছেন, পোর্টের কার্যকারিতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও প্রযুক্তি নির্ভর অবকাঠামো গড়ে তোলার বিকল্প নেই।
চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে প্রায় ১২৫ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানি হয়, যা দেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৯২ শতাংশ। তবে সক্ষমতা ও প্রযুক্তিগত পরিকাঠামোর ঘাটতিতে বন্দরের গতি এখনও কাঙ্ক্ষিত নয়। বিজিএমইএর সাবেক সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলছেন, “গতানুগতিক পদ্ধতিতে পণ্য ওঠানামা চলছে। যে হারে উন্নয়ন কথা ছিল, বাস্তবতা তার অনেক পিছিয়ে।” ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের প্রধান এস এম আবু তৈয়ব ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী মনে করেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সুনাম কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আনাই এখন চাবিকাঠি।
সফরের দ্বিতীয় ধাপে ড. ইউনূস উদ্বোধন করবেন কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর, যার সম্ভাব্য ব্যয় ১১ হাজার কোটি টাকা। এ সেতু বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের স্বপ্ন পূরণে বড় অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মুস্তফা নঈম জানিয়েছেন, দ্রুততম সময়ে কাজ শুরুর প্রস্তুতি রয়েছে, তবে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে দরকার সরকারের কড়া নজরদারি। সফরের শেষ অংশে তিনি অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে, যেখানে ২২,৬০০ গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন—এই ঐতিহাসিক সফরকে করে তুলছে আরও তাৎপর্যপূর্ণ।