• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলি উল্টে প্রাণ গেল চালকের, হাসপাতালে আহত শ্রমিক

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১৮:১৪ অপরাহ্ণ
ট্রলি উল্টে প্রাণ গেল চালকের, হাসপাতালে আহত শ্রমিক
দখিনের সময় ডেস্ক:
নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে গিয়ে রুবেল মিয়া (২২) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় (২০) নামে এক শ্রমিক। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের বাসিন্দা এবং আহত হৃদয় বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে যাচ্ছিলেন। চন্দনবাড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সামনের ইঞ্জিন অংশ উল্টে যায়। এতে রুবেল ঘটনাস্থলেই ইঞ্জিনের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় সঙ্গে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার চেষ্টা করলে একজন গুরুতর আহত হন, যাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত রুবেলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার জানান, ট্রলিচালকের মৃত্যুতে আইনগত প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার তদন্তও করা হচ্ছে। তবে স্থানীয়রা বলেন, অতিরিক্ত বোঝা ও খারাপ সড়ক অবকাঠামোর কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।