• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা নয়, মানুষ আগে: ইউনূসের হুঁশিয়ারি

দখিনের সময়
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
ব্যবসা নয়, মানুষ আগে: ইউনূসের হুঁশিয়ারি
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন, বর্তমান বিশ্ব সভ্যতা ব্যবসাকেন্দ্রিক হয়ে উঠেছে, যা আত্মঘাতী এবং দীর্ঘমেয়াদে টেকসই নয়। তিনি বলেন, “আমরা একটি এমন অর্থনীতি গড়ে তুলেছি যা মানুষের জন্য নয়, বরং মুনাফার জন্য। এই সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের দরকার এক নতুন, মানবকেন্দ্রিক সভ্যতা, যেখানে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হবে।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি স্মৃতিচারণ করে বলেন, “১৯৭২ সালে আমি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে দেশের মানুষকে হাহাকার করতে দেখে ক্ষুদ্রঋণের ধারণা আসে, যার থেকেই গ্রামীণ ব্যাংকের জন্ম। সেই ব্যাংক ও আমার কাজ নোবেল পুরস্কারে পরিণত হবে তা কখনো কল্পনা করিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই দুটি অর্জনের সঙ্গে সরাসরি যুক্ত—একটি আমার শিক্ষক হিসেবে, আরেকটি গ্রামীণ ব্যাংকের জন্মস্থান হিসেবে।”
গবেষণা ও চিন্তার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে ইউনূস বলেন, “আমরা কেবল খণ্ডিত কোনো বিষয়ে গবেষণায় নিয়োজিত নই। আমাদের দায়িত্ব হলো এমন এক পৃথিবী গড়া, যা আমরা কল্পনা করি। গৎবাঁধা ভাবনার বাইরে বের হয়ে ভাবতে হবে, আমরা কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার ও শিক্ষা চাই। আমি আমার দৃষ্টিভঙ্গি দিচ্ছি, অন্যদেরও তা দিতে হবে। কিন্তু সবার মনে একটি স্বপ্ন থাকা চাই—মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই পৃথিবীর স্বপ্ন।”