• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমে নজিরবিহীন স্বাধীনতা: প্রেস সচিব শফিকুল

দখিনের সময়
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১৭:২০ অপরাহ্ণ
গণমাধ্যমে নজিরবিহীন স্বাধীনতা: প্রেস সচিব শফিকুল
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, গত নয় মাসে দেশের গণমাধ্যম এক ধরনের নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। তিনি জানান, কিছু গণমাধ্যমকর্মীর চাকরি হারানো নিয়ে প্রশ্ন উঠলেও, এসব ঘটনা মালিকপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্তের অংশ এবং সরকার এতে জড়িত নয়। বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি।
তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীন মত প্রকাশের সুযোগ দিতে চায় এবং তথ্য মন্ত্রণালয় কিংবা প্রেস সচিবালয় কোনোভাবে সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি। অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে “মিসটেক” হয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, সংশোধন প্রক্রিয়া চলছে এবং প্রকৃত সাংবাদিকরাই শিগগির কার্ড পাবেন। এছাড়া ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের দায় নয়—বরং তদন্ত চলছে এবং যারা নির্দোষ, তাদের হেনস্তা করা হচ্ছে না। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত সাংবাদিকদের বিরুদ্ধে আইনি হয়রানি বরদাশত করা হবে না।
প্রেস সচিব জানান, প্রতিটি সংবাদপত্রকে তাদের সোশ্যাল মিডিয়া গাইডলাইন নিশ্চিত করতে হবে, যাতে স্পষ্ট বোঝা যায় কোনটা ব্যক্তিগত মত এবং কোনটা প্রতিষ্ঠানের অবস্থান। সামাজিক মাধ্যমে সাংবাদিকদের ব্যক্তিগত মতামত কখনো কখনো প্রতিষ্ঠানের সাংবাদিকতা নীতিকে প্রভাবিত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সরকার গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও আশ্বাস দেন শফিকুল আলম।