• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

দখিনের সময়
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা
দখিনের সময় ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে ‘শাটডাউন’ ঘোষণা দিয়েছেন শিক্ষকরা, আর শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিতে অনড়। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, “আমরা ঘরে ফিরব না, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।” তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অরাজকতা। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আমাদের সামনে কোনো শিক্ষার্থীকে আঘাত করার চেষ্টা করা হলে তার ফল ভালো হবে না।”
আন্দোলনের পেছনে রয়েছে তিন দফা প্রধান দাবি—৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসনবৃত্তি চালু, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন, এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে একনেক সভায় অনুমোদন। বুধবার দুপুরে জবি ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীরা লংমার্চ শুরু করে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ৫০ জন আহত হন বলে দাবি আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে রাত পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান করেন শিক্ষার্থী ও শিক্ষকরা, যেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং আশপাশে যানজটের সৃষ্টি হয়।
রাত ১০টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনস্থলে গিয়ে আশ্বাস দেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান হবে। কিন্তু আন্দোলনকারীরা সেই বক্তব্যে অসন্তুষ্ট থেকে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন জানান, “এই বক্তব্যে স্পষ্ট কোনো সমাধান নেই, শুধু আশ্বাস। তাই আমাদের সিদ্ধান্ত—সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা রাস্তা ছাড়ব না।” আন্দোলনের ভবিষ্যৎ এখন সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।