• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে বোতল নিক্ষেপ, উপদেষ্টার হতাশা প্রকাশ

দখিনের সময়
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১৮:০০ অপরাহ্ণ
জবিতে বোতল নিক্ষেপ, উপদেষ্টার হতাশা প্রকাশ
দখিনের সময় ডেস্ক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটেছে, তা আমাকে গভীরভাবে হতাশ করেছে।” তিনি উল্লেখ করেন, মাহফুজ আলম চাইলে দায়িত্ব এড়িয়ে যেতে পারতেন, কারণ বিষয়টি সরাসরি তাঁর মন্ত্রণালয়ের নয়। কিন্তু দায়িত্ববোধ থেকে তিনি সেখানে গিয়েছিলেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে।
আসিফ মাহমুদ পোস্টে আরও জানান, “আমরা সবাই সরকারের ভেতরে নির্দিষ্ট দায়িত্বে থাকলেও অনেক সময় মন্ত্রণালয়ের বাইরের বিষয়েও উদ্যোগ নিই। ছাত্রদের সমস্যা সমাধানে কিংবা যৌক্তিক দাবির পক্ষে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট।” তিনি বলেন, কখনো কখনো সেতুবন্ধনের ভূমিকা পালন করাও জরুরি হয়ে পড়ে, যেন সঠিক সমাধান খুঁজে পাওয়া যায়। এমনকি সোহরাওয়ার্দী উদ্যানের মতো বিষয়, যা তাঁর দায়িত্বের আওতায় পড়ে না, সেখানেও তিনি এগিয়ে এসেছেন শুধুমাত্র দায়বদ্ধতার জায়গা থেকে।
এর আগে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে তিন দফা দাবির বিষয়ে কথা বলছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় উত্তেজিত জনতার ভেতর থেকে কেউ একজন তাঁর মাথায় পানির বোতল নিক্ষেপ করে। ঘটনার পর তিনি আর কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই দুঃখ প্রকাশ করেছেন এ ধরনের আচরণের জন্য।