দখিনের সময় ডেস্ক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী, বর্তমান পিও মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে তলব করেছে। কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য এবং পাঠ্যবইয়ের কাগজ কেনাকে ঘিরে কমিশন বাণিজ্যের অভিযোগে তাঁদের ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
তাঁর ভাষ্যমতে, তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে আগামী ২০ মে, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এপিএস পদে দায়িত্ব পালনের সময় থেকেই অনিয়মের অভিযোগ উঠতে থাকে, যা পরবর্তীতে তাঁকে পদ থেকে সরানোর কারণ হয়। গত ২১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। একইভাবে, পিও হিসেবে দায়িত্ব নেওয়ার পর মুহাম্মদ তুহিন ফারাবীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ ওঠে এবং তাকেও পরে সরিয়ে দেওয়া হয়।
স্বাস্থ্য উপদেষ্টার বর্তমান পিও মাহমুদুল হাসানকেও দুর্নীতির অভিযোগের আওতায় আনা হয়েছে। এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে রয়েছে পাঠ্যবইয়ের কাগজ ক্রয়ে দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ ওঠার পর দলীয়ভাবে ২১ এপ্রিল তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। দুদক বলছে, এসব ব্যক্তির বিরুদ্ধে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই ও তদন্ত করতেই তাঁদের ডেকে পাঠানো হয়েছে, যা চলমান দুর্নীতি বিরোধী কার্যক্রমের অংশ।