• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবি সংকটে সরকারি রোডম্যাপ আসছে, আশ্বস্ত করলেন উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২৫, ১৯:৪৩ অপরাহ্ণ
জবি সংকটে সরকারি রোডম্যাপ আসছে, আশ্বস্ত করলেন উপদেষ্টা
দখিনের সময় ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় তার ফেসবুক অ্যাডমিন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, সরকার বিশ্ববিদ্যালয়টির সমস্যাগুলোর সমাধানে কয়েক ঘণ্টার মধ্যেই একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে। এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা উপদেষ্টাও এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের চার দফা দাবিতে শুক্রবার বিকেল ৩টা থেকে গণ-অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। তিনি বলেন, “আমাদের আন্দোলন এমন জায়গায় পৌঁছেছে, যেখান থেকে আর পেছনে ফেরার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে জুমার নামাজের পর শুরু হওয়া সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাইরা অংশ নেন। তারা চার দফা দাবির পক্ষে সোচ্চার হন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে একতাবদ্ধ থাকার অঙ্গীকার জানান। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি প্রশাসন ও সরকারের সদয় দৃষ্টিভঙ্গি কামনা করেন অংশগ্রহণকারীরা।