• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবিতে সরকারের সম্মতি

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২৫, ২০:৫০ অপরাহ্ণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবিতে সরকারের সম্মতি
দখিনের সময় ডেস্ক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি অবশেষে মেনে নিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বিষয়টি নিশ্চিত করেন। পরে তিনি অনশনরত শিক্ষার্থীদের নিজ হাতে পানি পান করিয়ে অনশন ভাঙান। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত ৮টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেবে।
এর আগে জবি ইস্যুতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে একাধিক বৈঠক হয়, যেখানে নেওয়া হয় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানো হবে, দ্রুত নির্মাণ করা হবে অস্থায়ী আবাসন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজও অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এসব বিষয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস পাওয়া গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে।
দাবি আদায়ে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে গণঅনশন শুরু করে। আন্দোলনে বর্তমান ও সাবেক মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন। বিকেল ৩টায় একটি সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনশনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। বিভিন্ন বিভাগ থেকে আসা শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেন, যা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখে।