• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাক ইস্যুতে নগর ভবনের কার্যক্রম বন্ধ, নাগরিক সেবায় স্থবিরতা

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৭:৪১ অপরাহ্ণ
ইশরাক ইস্যুতে নগর ভবনের কার্যক্রম বন্ধ, নাগরিক সেবায় স্থবিরতা
দখিনের সময় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সব প্রবেশপথে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। শনিবার সকাল ৯টার দিকেই শুরু হয় এই তালা লাগানোর কার্যক্রম, যার ফলে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়ে। ‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে ইশরাকের অনুসারীরা ৬৫টি তালা লাগানোর দাবি করেন। নগর ভবনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটিতে চলে যান। তালা লাগানোর ফলে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমও বন্ধ হয়ে পড়ে। ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদেই এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানান বিক্ষোভকারীরা।
ইশরাকপন্থীরা দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শনিবার সকাল থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করে পরে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে পুলিশের ব্যারিকেডে আটকে যায় তাদের অগ্রগতি। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার আবারও আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মশিউর রহমান আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইতোমধ্যে দক্ষিণ সিটির ১০টি আঞ্চলিক কার্যালয়েও তালা ঝুলিয়ে বিক্ষোভ হয়েছে বলে জানা যায়।
নগরবাসী এই অচলাবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেবাপ্রত্যাশীরা মৃত্যুসনদ, জন্মনিবন্ধন, নির্মাণ অনুমোদনসহ জরুরি সেবা পেতে এসে ফিরে যাচ্ছেন। জুরাইন থেকে বাবার মৃত্যুসনদ নিতে আসা নাসরিন বেগম বলেন, “গতবার এসেও ফিরে গেছি, আজও পারলাম না। আমরা সাধারণ মানুষ যাব কোথায়?” গুলশান থেকে আসা শাওন আহমেদ বলেন, “এই শহরে সাধারণ নাগরিকরাই এখন বন্দি। আমরা চাই দ্রুত সমাধান।” ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্ব এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর ‘আইনি জটিলতা’ খুঁজে বের করার প্রচেষ্টাই আন্দোলনের কারণ বলে দাবি করছেন তাঁর সমর্থকেরা।