• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস সচিবের স্ট্যাটাসে আত্মচিন্তার প্রতিধ্বনি

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
প্রেস সচিবের স্ট্যাটাসে আত্মচিন্তার প্রতিধ্বনি
দখিনের সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন স্ট্যাটাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি তুলে ধরেছেন। শনিবার (১৭ মে) সকালে দেওয়া এই স্ট্যাটাসে তিনি বলেন, অতীতে স্বৈরশাসনের সময় তিনি যেসব বিরোধী নেতার পক্ষে লিখতেন, তাদের আত্মীয়স্বজন প্রশংসা করতেন, বার্তা পাঠাতেন। কিন্তু এখন তিনি অন্তর্বর্তী সরকারের সংবেদনশীল পদে আছেন বলেই অনেকেই তাকে “আনফ্রেন্ড” করেছেন—তাকে অহংকারী বা অসহিষ্ণু মনে করছেন।
শফিকুল আলম জানান, বর্তমানে তিনি তার সাংবাদিক জীবনে গড়ে ওঠা অনেক সম্পর্ক হারানোর আশঙ্কা করছেন। তার ভাষায়, কিছু আত্মীয় তার কাছ থেকে কোনো সুবিধা না পেয়ে দূরে সরে গেছেন, সম্পর্ক খারাপ করেছেন। এমনকি তার স্ত্রীও সতর্ক করে বলেছেন, “এই পদ ছাড়ার পর তুমি একা হয়ে যাবে।” তবে শফিকুল আলম বলেন, একা থাকাটাই তার চেনা জায়গা। বিহারিদের অধিকার নিয়ে কথা বলার সময়, সহিংস সময়ের ঘটনা নথিভুক্ত করার সময়ও তিনি ছিলেন একা। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ন্যায়বিচার ও দায়িত্ব পালনে আন্তরিক থাকা।
পোস্টের শেষ অংশে শফিকুল আলম লেখেন, ক্ষমতা কতটা গভীরভাবে মানুষকে প্রভাবিত করে, তা অনেকেই বোঝে না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তিনি বলেন, আব্বাসীয় যুগে সুফিরা সচেতনভাবে সরকারি পদ গ্রহণ এড়িয়ে চলতেন। ক্ষমতায় থেকেও কারও ক্ষতি না করাই একজন কর্মকর্তা হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার প্রতিজ্ঞা, যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন ন্যায়ের পথে থাকবেন এবং ভবিষ্যতে গর্ব করতে পারবেন—এই বিশ্বাসেই তিনি এগিয়ে যাচ্ছেন।