• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবি ও সময়সীমা ঘোষণা

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৮:৫৫ অপরাহ্ণ
সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবি ও সময়সীমা ঘোষণা
দখিনের সময় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আবারও আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি)’ নামক নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ, অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। শনিবার (১৭ মে) ইডেন মহিলা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা। ছাত্ররা বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে চলা তাদের আন্দোলনের ফলেই ইউজিসি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু ঘোষণার বাইরে কার্যকর কোনো অগ্রগতি নেই।
দাবিগুলোর মধ্যে রয়েছে, অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন রোববারের মধ্যে জারি, প্রশাসক নিয়োগের পর একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, অতিরিক্ত ফি বন্ধসহ নানা সমস্যা সমাধান, আগামী দুই কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষার উদ্যোগ, পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোগো ও রূপরেখা প্রকাশ এবং আগামী বাজেটে অর্থ বরাদ্দসহ অধ্যাদেশ জারি। তারা জানায়, সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির মেয়াদ শেষ হলেও কোনো ফলপ্রসূ পদক্ষেপ দৃশ্যমান নয়, যা তাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের স্বাধীন কাঠামো এখনো বাস্তবায়িত না হওয়ায় সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। এটা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তারা বলেন, সরকারের প্রতি শ্রদ্ধাশীল থেকেও আন্দোলন চালিয়ে গেছেন এবং আলোচনার পথ কখনো বন্ধ করেননি। এবারও আলোচনার জন্য প্রস্তুত তারা, তবে দাবি পূরণ না হলে ১৯ মে থেকে ফের রাজপথে নামবেন বলে হুঁশিয়ারি দেন। তাদের একটাই প্রত্যাশা—একটি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের প্রাপ্য শিক্ষা-অধিকার নিশ্চিত করা।