• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক দুদক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আবেদন

দখিনের সময়
প্রকাশিত মে ১৮, ২০২৫, ১৮:২৭ অপরাহ্ণ
সাবেক দুদক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আবেদন
দখিনের সময় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করা হয়েছে। রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে এই আবেদন করেন হারুন অর রশিদ নামে এক ব্যক্তি। আদালত শুনানি শেষে আগামী ২৫ মে আদেশের দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান জানান, মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান। মামলার আর্জিতে বলা হয়, অভিযুক্তরা মিথ্যা নালিশ সৃজনের জন্য একাধিক বৈঠক, ষড়যন্ত্র ও পরিকল্পনা করে খালেদা জিয়া ও তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন। এটি বর্তমান আইনে স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার পেছনে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরাও ওই ষড়যন্ত্রে জড়িত ছিল, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা করেছেন। এই ধরণের ‘মিথ্যা মামলা উৎপাদন প্রক্রিয়া’ দেশের বিচারব্যবস্থার ওপর আস্থা দুর্বল করে এবং নির্দোষদের হয়রানির পথ তৈরি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আদালত এখন এই মামলার গ্রহণযোগ্যতা যাচাই করে আদেশ দেবেন আগামী ২৫ মে।