• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথে ‘স্টপ সাইন’ কেন? আসিফের ১০ কারণ

দখিনের সময়
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
শপথে ‘স্টপ সাইন’ কেন? আসিফের ১০ কারণ
দখিনের সময় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার পেছনে ১০টি আইনি ও প্রশাসনিক জটিলতা তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি জানান, হাইকোর্টের একটি রায় লঙ্ঘন করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছে, আবার কমিশন নিজেই শুনানিতে না গিয়ে একপক্ষীয় রায় এনেছে। এমনকি আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই রাত ১০টায় গেজেট প্রকাশ করে তারা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তার। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষ ছিল না, আবার রায়ে তাদের প্রতি কোনো নির্দেশনাও নেই। একইসাথে বরিশালের একটি মামলায় বিপরীত রায় থাকায় ট্রাইব্যুনালের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আসিফ আরও বলেন, মেয়াদ ও দায়িত্বকাল নিয়ে বিভ্রান্তি রয়েছে—ইশরাক আদৌ মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। নির্বাচন কমিশন নিজেই বলেছে ‘আইনি জটিলতা না থাকলে পরবর্তী ব্যবস্থা’ নেবে, অথচ বর্তমানে একাধিক আইনি জটিলতা সক্রিয় রয়েছে—রিট পিটিশন বিচারাধীন, লিগ্যাল নোটিশ এসেছে, আবার আইন মন্ত্রণালয়ের মতামতও চাওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, যদি বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী আমলের নির্বাচনের বৈধতা স্বীকার না করে, তাহলে এই ধরনের শপথ প্রশ্নে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক। তাই উচ্চ আদালতের রায় এবং আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই শপথ গ্রহণ কার্যক্রম চালানো যাবে না বলেই মনে করেন তিনি।
সবশেষে আসিফ অভিযোগ করেন, ঢাকা মহানগর বিএনপি নগর ভবন ঘেরাও ও আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে—যার ফলে সিটি করপোরেশনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তিনি দাবি করেন, এসব আন্দোলন ‘সাধারণ জনগণের’ নয়, বরং বিএনপি ও তার সহযোগী সংগঠনের নির্দেশেই সংগঠিত হচ্ছে, যা গোয়েন্দা সংস্থার তথ্যেও উঠে এসেছে। একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে ইশরাকের তাকে উদ্দেশ করে আক্রমণাত্মক ও অসম্মানজনক বক্তব্যের কোনো কারণ খুঁজে পাননি বলেও মন্তব্য করেন।