• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারিয়ার গ্রেফতার নিয়ে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

দখিনের সময়
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১৮:৩৫ অপরাহ্ণ
ফারিয়ার গ্রেফতার নিয়ে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন
দখিনের সময় ডেস্ক:
অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে “বিচার নয়, বরং মনোযোগ সরানোর হাসিনা স্টাইল” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “একদিকে সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দেওয়া হয়, অন্যদিকে শিরীন শারমিনকে বাড়িতে গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় পাসপোর্ট করে দেওয়া হয়—এসব দেখে মনে হয় বিচার নয়, এক ধরনের প্রহসন চলছে।” তিনি আরও উল্লেখ করেন, “যেখানে দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরু হওয়ার কথা, তা মে মাস পার হলেও শুরু হয়নি, অথচ এখন ব্যস্ত সবাই ফারিয়াকে নিয়ে।”
হাসনাত সরকারের আন্তর্বর্তী ভূমিকার প্রশ্নও তোলেন: “আপনারা যাদের নাম দিয়েছিলেন—৬২৬ জন লুটেরার সেই তালিকা কোথায়? তাদের নিরাপদে বিদেশে পাঠিয়ে এখন ফারিয়ার গ্রেফতার দিয়ে জনগণকে বোঝাতে চান যে, আপনারা বিচার করছেন? আসলে এটা বিচার নয়, বরং মিডিয়া ট্রায়ালের মোড়কে মূল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টামাত্র।” তার মতে, এসব ঘটনা আসল অপরাধীদের আড়াল করার পুরনো কৌশল, যা দেশে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দুর্বল করছে।
উল্লেখ্য, রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ এবং পরে ভাটারা থানায় হস্তান্তর করে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তার নাম আসামি তালিকায় থাকা দাবি করে পুলিশ। একই মামলায় শোবিজ অঙ্গনের আরও ১৬ জন তারকার নাম রয়েছে, যাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই দেশ ছাড়িয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।