• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত ভিসা চালু, সতর্ক করলেন উপদেষ্টা আসিফ

দখিনের সময়
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১৮:৪৮ অপরাহ্ণ
কুয়েত ভিসা চালু, সতর্ক করলেন উপদেষ্টা আসিফ
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা পেতে এখন আর কোনো ‘বিশেষ অনুমতি’র প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৯ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানান, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের বরাতে এ তথ্য পাওয়া গেছে। ভিসা জালিয়াতি বা প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেও তিনি আহ্বান জানান।
পোস্টে আসিফ উল্লেখ করেন, যদিও সরকারিভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বাস্তবে বাংলাদেশিরা কুয়েতের ভিসা পাচ্ছেন নিয়মিতভাবে এবং তাতে কোনো অতিরিক্ত অনুমতির দরকার হচ্ছে না। এই পরিস্থিতিকে ইতিবাচক বলে উল্লেখ করে তিনি জানান, কুয়েতের রাষ্ট্রদূত নিজেই ভিসা নিয়ে প্রতারণার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং সবার কাছে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
একই দিন দেওয়া আরেকটি পোস্টে উপদেষ্টা আসিফ জানান, বৈদেশিক মুদ্রা কেনাবেচায় তফসিলি ব্যাংকগুলো নানা ধরনের অতিরিক্ত চার্জ, কমিশন ও ফি নিচ্ছে, যা অনেক গ্রাহককে নিরুৎসাহিত করছে। বাংলাদেশ ব্যাংক এবার এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেছে, পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না। উপদেষ্টা বলেন, “বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”