• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে লাইভ শুনানির দাবি, রুল জারি

দখিনের সময়
প্রকাশিত মে ২০, ২০২৫, ১৭:৩০ অপরাহ্ণ
হাইকোর্টে লাইভ শুনানির দাবি, রুল জারি

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
সুপ্রিম কোর্টে চলমান সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করতে কেন নির্দেশনা দেওয়া হবে না—এই প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২০ মে) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করে। শুনানিতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত ২৭ জানুয়ারি এই বিষয়ে রিটটি করেন ১০ জন, যাদের মধ্যে আছেন সুপ্রিম কোর্ট ও ঢাকা কোর্টের আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী এবং আইনের শিক্ষার্থীরা। তাদের যুক্তি, তথ্য জানার অধিকার ও স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। শিশির মনির আদালতে বলেন, বিশ্বের অনেক দেশেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। বাংলাদেশেও এটি চালু হলে বিচারব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।
রিটে উল্লেখ করা হয়, সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, নাগরিকদের একটি স্বচ্ছ বিচারপ্রক্রিয়া পাওয়ার অধিকার আছে। সে লক্ষ্যেই সুপ্রিম কোর্টে চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে একটি নীতিমালা প্রণয়ন এবং সুপ্রিম কোর্টে সম্প্রচার ব্যবস্থার জন্য আইসিটি মন্ত্রণালয়কে লজিস্টিক সহায়তা দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এ রিটে বিবাদী করা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে।