• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোলাইখালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর ঘটনা, তদন্তে পুলিশ

দখিনের সময়
প্রকাশিত মে ২১, ২০২৫, ২০:৩৭ অপরাহ্ণ
ধোলাইখালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর ঘটনা, তদন্তে পুলিশ
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর ধোলাইখাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাত (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে জোড়পুর লেনের নিজ বাড়িতে খেলতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় সে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জান্নাতের নানি নাসরিন বেগম জানান, মেয়েটির পরিবার বাড়ির নিচতলায় বাস করে এবং তার বাবা সুমন একজন ওয়ার্কশপ কর্মচারী। ঘটনার সময় ঘরে বিদ্যুৎ ছিল না, আর সে তার ভাই-বোনদের সঙ্গে খাটে বসে খেলছিল। এ সময় খাটের পাশে থাকা ফ্রিজের সংযোগ দেয়া বিদ্যুতের ফ্ল্যাগের কাছে থাকাকালে হঠাৎ বিদ্যুৎ ফিরে আসে। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে জান্নাত খাট থেকে পড়ে যায়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে রিকশায় করে হাসপাতালে নিলেও, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিশুটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে এবং মরদেহটি বর্তমানে মর্গে রাখা হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে, তবে বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট থানা পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেটি নিশ্চিত হতে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।