• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাক ইস্যুতে আপিলের হুমকি রিটকারীর

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৮:০০ অপরাহ্ণ
ইশরাক ইস্যুতে আপিলের হুমকি রিটকারীর

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেয়। রায়ের পর রিটকারী আইনজীবী কাজী আকবর আলী জানিয়েছেন, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
অন্যদিকে, বিষয়টি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “হাইকোর্টের রায়ে এখন আর কোনো আইনি বাধা নেই। ইশরাককে ২৬ মে’র মধ্যে শপথ পড়াতে হবে, অন্যথায় এটি আদালত অবমাননার শামিল হবে।” প্রসঙ্গত, গত ১৪ মে ইশরাকের শপথ ঠেকাতে এবং তাকে মেয়র ঘোষণা করায় নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন মো. মামুনুর রশিদ নামের এক বাসিন্দা।
২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়ী হলেও, গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল রায়ে সেই ফল বাতিল করে বিএনপির ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে এবং ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে। গেজেটের পর থেকেই ইশরাকের সমর্থকরা তাকে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।